সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ খাদ্য সংকটে পড়ে ‘না খেয়ে মারা যাবে’- বিজেপি সভাপতি
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
ভারত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ খাদ্য সংকটে পড়ে ‘না খেয়ে মারা যাবে’ বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি ‘অপরাধী’ আখ্যা দিয়ে তিনি বিদেশে পালিয়ে গেছেন বলেও দাবি করেন এই বিজেপি নেতা।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কলকাতার বিধাননগরে দলের রাজ্য দপ্তরে ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শমীক ভট্টাচার্য। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ ইস্যুতে প্রশ্নের জবাবে তিনি একের পর এক বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে সীমান্ত বাণিজ্যের প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য প্রশ্ন তোলেন, ‘বাংলাদেশকে আমরা কীভাবে সাহায্য করিনি? আমরা যদি আজকে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিই, তবে বাংলাদেশ না খেয়ে পেয়ে মারা যাবে। ভারত বা পশ্চিমবঙ্গের কোনো বাঙালি কি কখনো এই কাজ করেছে?’
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে তিনি দাবি করেন, ‘সে দেশে কেবল সংখ্যালঘু হিন্দুরাই নন, বরং বহু মুসলমান এবং সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদকারীরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর আগে ১১শ পুলিশ সদস্যকে হত্যা করে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল, যাদের প্রায় সবাই ছিলেন মুসলমান।’
সারা বিশ্বের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা তাদের রক্ত ও ভাই। সেখানে মন্দির ভাঙচুর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায় ও সত্যজিৎ রায়ের স্মৃতিবিজড়িত বাড়ি ধূলিসাৎ করা হয়েছে।
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সে সময় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে অটলবিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সমর্থন দিয়েছিলেন। যার ফলে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত গ্রন্থাগারে অগ্নিসংযোগ করে প্রায় ৭০ হাজার বই পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।’
বক্তব্যের শেষ পর্যায়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। ওরা শান্তিতে বসবাস করুক, একসাথে থাকুক, ভালো থাকুক।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।