মাটিরাঙ্গায় নতুন ক্রীড়া একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের জয়

মাটিরাঙ্গায় নতুন ক্রীড়া একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের জয়

মাটিরাঙ্গায় নতুন ক্রীড়া একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের জয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাহাড়ি জনপদের তরুণদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্য নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রা শুরু করেছে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গা মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একাডেমিটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে স্বাগতিক মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি ২-০ গোলে নোয়াখালী খোকন ফুটবল একাডেমিকে পরাজিত করে।

একাডেমির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা।

একাডেমির পরিচালক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি তুহিন কুমার দে, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল এবং মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ রাব্বি। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে নারায়ণ ত্রিপুরা বলেন, ক্রীড়ার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির মতো উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। একই সঙ্গে মাদক থেকে দূরে রেখে তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথি মো. শাহজালাল কাজল বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। নতুন এ একাডেমির মাধ্যমে মাটিরাঙ্গার তরুণরা নিয়মিত অনুশীলন ও ক্রীড়াচর্চার সুযোগ পাবে। এখান থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণ খেলোয়াড়দের মতে, মাটিরাঙ্গায় একটি সংগঠিত ক্রীড়া প্রশিক্ষণকেন্দ্রের যাত্রা শুরু হওয়া স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। পরিকল্পিত প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা গেলে পাহাড়ি জনপদের অনেক সম্ভাবনাময় খেলোয়াড় নিজেদের প্রতিভা বিকাশের ক্ষেত্র পাবে।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে নোয়াখালী খোকন ফুটবল একাডেমির মুখোমুখি হয় স্বাগতিক মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অতিথি দলকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। নতুন একাডেমির আনুষ্ঠানিক যাত্রার দিনে এ জয় উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *