বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েছে হাজার খানেক পর্যটক
![]()
জার্নাল প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাঁদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। গত মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ এখনো দ্বীপে অবস্থান করছেন।
বুধবার রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে পুনরায় জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। তাই আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।
এ নির্দেশনার আওতায় কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন ছাড়াও কক্সবাজার-মহেশখালী, পেকুয়া-কুতুবদিয়া, বাঁশখালী-কুতুবদিয়া, কুমিরা-গুপ্তছড়া ও চট্টগ্রাম-চরগজারিয়াসহ বিভিন্ন নৌপথ রয়েছে। এসব পথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি রয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে যাওয়া এক হাজারের বেশি পর্যটক এখনো সেখানে অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তাঁরা ফিরতে পারছেন না। আবহাওয়া স্বাভাবিক হলে তাঁদের কক্সবাজারে ফেরার সুযোগ তৈরি হবে।
দ্বীপে আটকা পড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রামিসা মেহরিন বলেন, আমাদের আজকে ফেরার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ বন্ধ থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে।
জাবেদ সালেহীন বলেন, খুব দ্রুত আবহাওয়া সহনীয় না হলে বা কয়েকদিন আমাদের এখানে থাকা লাগলে অনেক ক্ষতি হয়ে যাবে। অফিস থেকে ছুটি নিয়েছি কম।
এদিকে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত দিনে জাহাজ চলাচল না করায় তাঁদের ভ্রমণ বাতিল হবে, নাকি পরবর্তী সময়ে একই টিকিটে দ্বীপে যাওয়ার সুযোগ দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তবে টিকিটের টাকা ফেরত অথবা পরবর্তী সময়ে ভ্রমণের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি জানান, বৃহস্পতিবার যারা সেন্টমার্টিন যাওয়ার টিকিট কিনেছেন, আবহাওয়া অনুকূলে এলে তাঁরা একই টিকিট ব্যবহার করে পরবর্তী সময়ে ভ্রমণ করতে পারবেন। কোনো কারণে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে পর্যটকের সংখ্যা।
গত ১৩ নভেম্বর শুক্রবার চারটি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণ করেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। মৌসুম শুরুর পর এক দিনে এটিই ছিল সর্বোচ্চ পর্যটক যাতায়াত। বুধবারও চারটি জাহাজে করে দ্বীপে গেছেন ১ হাজার ২৪১ জন। তাঁদের মধ্যে এমভি বারো আউলিয়ায় ৪৭২, কর্ণফুলী এক্সপ্রেসে ৩৭২, এমভি টেকনাফে ১৪৫ এবং এমভি মালঞ্চে ২৫২ জন ছিলেন।
সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের চাপ বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
সেন্টমার্টিন মারমেইড রিসোর্টের স্বত্বাধিকারী মোহাম্মদ তৈয়ব উল্লাহ বলেন, দ্বীপে থাকা পর্যটকদের বিষয়ে উপজেলা প্রশাসন থেকে আমাদের উদ্দেশে যে নির্দেশনা দেয় তা আমরা মানবো।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময়ে পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।