ভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন
![]()
জার্নাল প্রতিবেদক
ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের, আরও বেশি লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমনটাই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের একটি ধর্মীয় স্বাধীনতা প্যানেল।
আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের প্রধান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেন, ‘ভারত সরকার ভোটার তালিকা থেকে বাদ দিয়ে, ‘বিদেশি’ আখ্যা দিয়ে এবং এখন অবৈধভাবে নির্বাসিত করে মুসলিম নাগরিকদের টার্গেট বানাচ্ছে।’
ভারতের ভোটার তালিকা হালনাগাদে ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে, যা প্রায় মেক্সিকোর জনসংখ্যার সমান এবং দেশটির ইতিহাসে ভোটার বাদ দেওয়ার সবচেয়ে বড় ঘটনা।
তথ্যে দেখা গেছে, এই বাদ পড়ার ঘটনা ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলিমদের ওপর অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলেছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা বঞ্চনামূলক নীতি ও ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হয়ে আসছেন।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, তারা ভুয়া বা একাধিকবার থাকা নাম, মৃত ব্যক্তি, স্থানান্তরিত এবং অন্যান্য অযোগ্য ভোটারদের নাম বাদ দিয়েছে। আর ভুলবশত কারও নাম বাদ পড়ে থাকলে তিনি আপিল করতে পারবেন।
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াই কাউকে বিদেশি প্রমাণ করে না, এমন বাস্তবতা থাকা সত্ত্বেও এই হালনাগাদ প্রক্রিয়াটি সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের পৃথক একটি অভিযানের সঙ্গে জড়িয়ে গেছে। মার্কিন ওই প্যানেলের কমিশনার জিন মিলস বলেন, ‘মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে নিজ দেশের নাগরিকদের বের করে দেওয়া, ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তুতে পরিণত করার কৌশলের এক উদ্বেগজনক ধাপ।’
ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন মিলস।
ইউএসসিআইআরএফ মার্কিন সরকারের একটি দ্বিদলীয় সংস্থা, যা বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে এবং নীতিগত সুপারিশ দেয়। তবে এসব সুপারিশ মানা বাধ্যতামূলক নয়। ভারত সম্পর্কে সংস্থাটির সাম্প্রতিক সুপারিশগুলোর বিষয়ে ওয়াশিংটন কোনো পদক্ষেপ নেয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফ-কে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছে। নয়াদিল্লি বারবার এ ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করেছে এবং এটিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস কোনো সাড়া দেয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভোটার তালিকা হালনাগাদের এই প্রক্রিয়া ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিরোধী দল ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, হিন্দুত্ববাদী দল বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম-এমন ভোটাররাই এই তালিকা সংশোধনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিক্ষোভকারীদের ওপর ভারতের কঠোর দমন-পীড়নের নিন্দা জানিয়েছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বিষয়টি ‘অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার’ এবং ওয়াশিংটন এ নিয়ে কোনো মন্তব্য করবে না।
জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংগঠনগুলোর মতে, মোদির শাসনামলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে।
এ ক্ষেত্রে তারা ক্রমবর্ধমান বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন- যাকে জাতিসংঘ ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে আখ্যা দিয়েছে, মুসলিমদের বাড়িঘর ও সম্পত্তি ভেঙে ফেলা, মুসলিম-অধ্যুষিত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মবিশ্বাসের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা ধর্মান্তরবিরোধী আইনের বিষয়গুলো সামনে এনেছেন।
তবে ভারত সরকার বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, খাদ্য ভর্তুকি এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মতো সরকারি কর্মসূচির সুবিধা সব সম্প্রদায়ের মানুষই পাচ্ছে।
এদিকে নাগরিক অধিকারকর্মীরা যুক্তরাষ্ট্রেও মুসলিমদের সঙ্গে করা আচরণের সমালোচনা করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে ইসলামভীতি বাড়ার বিষয়টি তুলে ধরার পাশাপাশি নির্বাচনী প্রচারণার সময় রিপাবলিকান নেতাদের ক্রমবর্ধমান মুসলিমবিরোধী বক্তব্যের তথ্যও তুলে ধরেছেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।