সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সিসি ফুটেজ দেখে ৩ জনকে শনাক্ত: পুলিশ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি সদরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চারজনের মধ্যে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। শনাক্ত ব্যক্তিদের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
শনাক্ত তিনজন হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। সিসি ক্যামেরার ফুটেজে দেখা চতুর্থ ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।
ওসি মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত চারজনই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তাঁদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করবেন, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
রোববার রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদরের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করা হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাড়িতে থাকা তাঁর বাবা-মা।
আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদের ওপর বিকট শব্দ শুনে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় ঘরের চারপাশে আগুন ছড়িয়ে পড়তে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এ সময় বাড়ির দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সকালে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।