টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, নারী-শিশুসহ ৮ জনকে উদ্ধার করল যৌথ বাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে নারী, পুরুষ ও শিশুকে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের চেষ্টা নস্যাৎ করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এ সময় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ব্যক্তিদের মধ্যে ৫ নারী, ২ পুরুষ ও ৮ মাস বয়সী এক শিশুসহ মোট ৮ জনকে উদ্ধার করা হয়েছে। অভিযানকালে পালিয়ে যাওয়ার সময় পাচারকারীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, সমুদ্রপথে নৌকাযোগে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় প্রায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়েছিল। যৌথ বাহিনীর অভিযান শুরু হলে পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নৌকাযোগে সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার সময় তারা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা পাল্টা গুলি চালালে পাচারকারীরা ঘটনাস্থলে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ব্যক্তিদের ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ৫ নারী, ২ পুরুষ ও ৮ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনী সূত্র আরও জানায়, মানব পাচার ও মাদক কারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের ব্যবহৃত সম্ভাব্য এলাকা ও রুটগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। এসব অভিযানে ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। চিহ্নিত অপরাধী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও চলমান রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনী শনিবার রাতে মালয়েশিয়াগামী ৮ জন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মানব পাচার, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।