পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় থামি-ওড়নাসহ ৫১ হাজার টাকার পণ্য জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭ সেট ভারতীয় পাহাড়ি থামি ও ২২টি ওড়না জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার ৮০০ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে পানছড়ি সীমান্তের লোগাং বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, লোগাং বিওপির হাবিলদার মো. হারুনুর রশিদের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় লোগাং বিওপি থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে দুদকছড়া ব্রিজ এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা। পরে সেখান থেকে ২৭ সেট পাহাড়ি থামি ও ২২টি ওড়না উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার ৮০০ টাকা। এসব মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।