বন্য শুকরের আক্রমণে আহত দুই ম্রো জুমচাষীর পাশে সেনাবাহিনী, চিকিৎসায় আর্থিক সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদমে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত দুই ম্রো জুমচাষীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনা জোন। তাদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা ও প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।
গত ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বলাইপাড়া এলাকায় জুম চাষ করার সময় বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত হন নিয়াচং মুরো ও নুরিইক মুরো। তারা দুজনই ওই এলাকার বাসিন্দা। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি জানতে পেরে আলীকদম জোন আহত দুই জুমচাষীর চিকিৎসার দায়িত্বে সহযোগিতার উদ্যোগ নেয়। তাদের দ্রুত চমেক হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) তাদের চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এদিকে, আলীকদম জোনের প্রতিনিধিরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখছেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নাজিম ইকবালের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, উন্নত চিকিৎসায় আহত দুজনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তবে তাদের মধ্যে একজনের হাতে হাড় ভেঙে যাওয়ায় (ফ্র্যাকচার) প্রয়োজনীয় চিকিৎসা চলমান রয়েছে।
আলীকদম জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আহত দুই জুমচাষীর সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
দুর্গম পাহাড়ি এলাকায় বন্য প্রাণীর আক্রমণসহ নানা দুর্ঘটনায় বিপদগ্রস্ত মানুষের জন্য দ্রুত চিকিৎসা ও আর্থিক সহায়তা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে আহত দুই জুমচাষীর পাশে সেনাবাহিনীর দাঁড়ানোকে স্থানীয়রা মানবিক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।