বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ডিগ্রি কোর্স চালুর উদ্যোগ, মন্ত্রী সাচিং প্রু জেরীকে সংবর্ধনা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ডিগ্রি (স্নাতক) কোর্স চালুর উদ্যোগে ডিও লেটার প্রদান করায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ সময় শিক্ষার্থীদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কমাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
বুধবার (২৫ নভেম্বর) বান্দরবান থেকে রাঙামাটি ও খাগড়াছড়ি যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পুলিশ এসকর্টসহ বাঙ্গালহালিয়া সরকারি কলেজে পৌঁছান মন্ত্রী। তাঁর আগমন উপলক্ষে বাঙ্গালহালিয়া বটতলী এলাকা থেকে রাজস্থলী উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে বরণ করে নেন।
পরে কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে রাজস্থলী উপজেলা বিএনপির পক্ষ থেকেও তাঁকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি, বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ ডিগ্রি কোর্স চালুর উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে মন্ত্রীর সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। ডিগ্রি কোর্স চালু হলে রাজস্থলীসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বছরের শেষ দিকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা উচিত। শিক্ষার্থীরা খেলাধুলায় ব্যস্ত থাকলে মোবাইল ফোনের প্রতি তাদের অতিরিক্ত আসক্তি কমবে। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশেই সহায়তা করে না, বরং শিক্ষার্থীদের সুস্থ বিনোদন এবং সুন্দর ভবিষ্যৎ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুই খই মারমা, কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নূরী চৌধুরী, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংউ মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ইঞ্জিনিয়ার মংছাখই মারমা, অরুণ সেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মেদ রুবেল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল তংচঙ্গ্যাসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন অনুষ্ঠানে অংশ নেন। পরে দুপুর ২টা ৫০ মিনিটে মন্ত্রী চিৎমরম বৌদ্ধবিহার ঘাট এলাকার উদ্দেশ্যে বাঙ্গালহালিয়া ত্যাগ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ডিগ্রি কোর্স চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে। এতে রাজস্থলী ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের নিজ এলাকায় থেকেই স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ তৈরি হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।