কাপ্তাইয়ের চিৎমরম ঘাটে আধুনিক লিফট সিস্টেম নির্মাণের প্রস্তাব, পরিদর্শনে পার্বত্য মন্ত্রী
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি। এ সময় নদীভাঙন ও বিদ্যমান অবকাঠামোর ক্ষতি এড়িয়ে ঘাটটির আধুনিকায়নে নান্দনিক লিফট সিস্টেমভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মন্ত্রী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঘাটের বর্তমান অবস্থা, উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়নকাজ বাস্তবায়ন করা হলে নদীর গতিপথ পরিবর্তন কিংবা স্বাভাবিক পানিপ্রবাহে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকে। তাই নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে ঘাটের উন্নয়ন করতে হবে। ঘাটটির উন্নয়ন হলে সর্বসাধারণের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে আর্কসেল বিডির ব্যবস্থাপনা পরিচালক ও স্থপতি কামনাশীষ বড়ুয়া ঘাটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী ও উপস্থিত অতিথিদের বিস্তারিত অবহিত করেন। তিনি নদীভাঙন এবং বিদ্যমান অবকাঠামোর ক্ষতি এড়িয়ে অত্যাধুনিক একমুখী নান্দনিক লিফট সিস্টেমের মাধ্যমে ঘাট নির্মাণের প্রস্তাব তুলে ধরেন।
স্থপতি কামনাশীষ বড়ুয়া জানান, প্রস্তাবিত আধুনিক ঘাট নির্মিত হলে চিৎমরম বৌদ্ধ বিহারে আগত দর্শনার্থী ও পুণ্যার্থী এবং স্থানীয় বাসিন্দাদের নদী পারাপার আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে জোয়ার-ভাটার সময় নদী পারাপারে সাধারণ মানুষকে যে ভোগান্তির শিকার হতে হয়, পরিকল্পিত এ ঘাট নির্মাণের মাধ্যমে তা অনেকাংশে কমানো সম্ভব হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য উথায়োই মং মারমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের প্রতিনিধি মংসুই প্রু মারমা। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান, কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রেখে চিৎমরম ঘাটের আধুনিকায়ন করা হলে দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি নিরসনের পাশাপাশি বৌদ্ধ বিহারে আগত পুণ্যার্থী, দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে আরও নিরাপদ ও সুবিধাজনক ব্যবস্থা গড়ে উঠবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।