রাঙামাটিতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত, সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
![]()
জার্নাল প্রতিবেদক
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে রাঙামাটি সদরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা অবসানে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, বেঁচে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এম্পাওয়ারমেন্ট প্রকল্প ও আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস যৌথভাবে সভাটির আয়োজন করে। সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত নাগরিকতা প্রোগ্রামের আওতায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।

সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউপি সদস্য সুমিত্রা চাকমা ও মতিলাল চাকমা, কার্বারী ডায়না চাকমা এবং সাপছড়ি মধ্যপাড়া এলাকাবাসীর প্রতিনিধি অবিটু রানী চাকমা। মূল প্রবন্ধ উপস্থাপন ও সভা সঞ্চালনা করেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের প্রকল্প কর্মকর্তা জীবন বিকাশ চাকমা।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান এবং নানা সামাজিক-সাংস্কৃতিক প্রতিবন্ধকতার কারণে প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুরা প্রায়ই সহিংসতা, বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। নারী নির্যাতন বা সহিংসতার জন্য কোনোভাবেই ভুক্তভোগী দায়ী নন; বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করাই জরুরি।
তাঁরা আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করার নামে তাঁদের চলাফেরা ও নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত করা উচিত নয়। বরং রাষ্ট্র, প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃত্বের সম্মিলিত উদ্যোগে এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে নারীরা নিরাপদে চলাফেরা ও নিজেদের অধিকার চর্চা করতে পারেন।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কমিটিগুলো সক্রিয় করা, হাসপাতালগুলোতে ভুক্তভোগীদের জন্য গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে পৃথক সেবাকক্ষ স্থাপন এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কার্বারীদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ২৫ নভেম্বর থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করবে আয়োজক সংস্থা। আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, যুব প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা অংশগ্রহণ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।