রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সেনানিবাসে অবস্থিত অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, জেনারেল অফিসার কমান্ডিং, লজিস্টিকস এরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্রশিক্ষণ সম্পন্নকারী নবীন সৈনিকদের অংশগ্রহণে আয়োজিত কুচকাওয়াজে তাঁদের শৃঙ্খলা, চৌকসতা ও প্রশিক্ষণলব্ধ দক্ষতার প্রতিফলন ঘটে। কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সামরিক ব্যবস্থায় এ কোরের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি নবীন সৈনিকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন, একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল পরিবেশ ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকা এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন সৈনিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।