রামগড়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে ইমুতে অশালীন বার্তা পাঠিয়ে বিরক্ত করা এবং পরে তাঁর বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব ও যৌন নিপীড়নের অভিযোগে শাহাদাৎ হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক শাহাদাৎ হোসেন ওই এলাকার মো. আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহাদাৎ হোসেন গত প্রায় এক মাস ধরে ওই গৃহবধূকে ইমুতে বিভিন্ন সময়ে অশালীন বার্তা পাঠিয়ে বিরক্ত করে আসছিলেন। এসব বার্তার কোনো জবাব না পেয়ে বৃহস্পতিবার সকালে সরাসরি ওই নারীর বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, কাপড় টানাটানি ও জাপটে ধরার চেষ্টা করেন অভিযুক্ত।
এ সময় ভুক্তভোগী গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শাহাদাৎ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, ভুক্তভোগীর ৯৯৯-এ কল পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় রামগড় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৫, তারিখ ২৬ নভেম্বর ২০২৬।
আটক ব্যক্তিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।