২০০৮ সালের মুম্বাই হামলার পর জবাব দিতে পারিনি: ভারতের বিমানবাহিনী প্রধান
![]()
জার্নাল প্রতিবেদক
২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারত কোনো পাল্টা জবাব দিতে পারেনি বলে মন্তব্য করেছেন দেশটির বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। তবে গত কয়েক বছরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করার পাশাপাশি উপযুক্ত জবাব দিতে সক্ষম হয়েছে ভারত বলে দাবি করেছেন তিনি। এ ক্ষেত্রে ‘অপারেশন সিঁদুর’-এর উদাহরণও তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ভারতের বিমানবাহিনীর প্রধান।
আশুতোষ দীক্ষিত বলেন, ‘২০০৮ সালে এমন ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা কোনো জবাব দিতে পারিনি। তবে এরপর এ ধরনের যেসব ঘটনা ঘটেছে, প্রতিবারই আমরা উপযুক্ত জবাব দিতে সক্ষম হয়েছি। এর সবচেয়ে বড় উদাহরণ অপারেশন সিঁদুর, যা এখনো চলমান।’
তিনি বলেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভারতের নেওয়া নতুন অবস্থান ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের প্রসঙ্গ টেনে বিমানবাহিনী প্রধান বলেন, ‘সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলবে না, পানি ও রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের মধ্যে আর কোনো পার্থক্য করা হবে না।’
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই অবস্থান বাস্তবায়নে দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে যে প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছে, তাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হন। হামলার ১৮ বছর পূর্তির আগে নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থানের কথা তুলে ধরেন বিমানবাহিনী প্রধান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।