এক মাস পর নিয়ন্ত্রনে কক্সবাজারের ইনানীর গ্যাসের সেই আগুন
![]()
জার্নাল প্রতিবেদক
টানা এক মাস ধরে জ্বলতে থাকা কক্সবাজারের উখিয়ার ইনানীর গভীর নলকূপের প্রাকৃতিক গ্যাসের আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে চূড়ান্ত অভিযান চালিয়ে নলকূপের মুখে ব্লো আউট প্রিভেন্টার (বিওপি) স্থাপনের মাধ্যমে আগুন নেভানো হয়।
বাপেক্সের প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিজস্ব প্রযুক্তি ও জনবল ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টার পর গ্যাসের নির্গত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মূল অভিযান শুরু হলেও আলোকস্বল্পতার কারণে সন্ধ্যায় তা স্থগিত করা হয়। শুক্রবার সকালে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুত শেষে সকাল ৯টার দিকে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে বাপেক্স।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান জানান, বেন্টোনাইট পানির সঙ্গে মিশিয়ে তৈরি বিশেষ ঘন মাড উচ্চচাপে কূপের ভেতরে প্রবেশ করিয়ে গ্যাসের চাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তা ও কারিগরি প্রস্তুতি নিশ্চিত করেই চূড়ান্ত অভিযান পরিচালনা করা হয়েছে।

বাপেক্স এর প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান জানান, কারিগরি ব্যবস্থাপনার মাধ্যমে ব্লো আউট প্রিভেন্টার স্থাপন করে আগুন নেভানো সম্ভব হয়েছে। বেন্টোনাইট মিশ্রিত ঘন কাদা তরল উচ্চচাপে প্রবেশ করিয়ে গ্যাসের চাপ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। কূপের ভেতরে গ্যাসের চাপ ৪০০ থেকে ৫০০ পিএসআই বলে ধারণা করা হয়েছিল। এর বিপরীতে প্রায় ৬০০ পিএসআই চাপে মাড প্রবেশ করানোর পরিকল্পনা ছিল। পরবর্তী ধাপে সিমেন্টিংয়ের মাধ্যমে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করা হয়।
তিনি জানান, ওই এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে কি না, তা জানতে আগামী ডিসেম্বরের মধ্যে কূপসংলগ্ন দুই থেকে তিন কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক (থ্রিডি) জরিপের পরিকল্পনা রয়েছে। জরিপের ফলাফলের ভিত্তিতে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সম্ভাবনা যাচাই করা হবে।
এদিকে টানা এক মাসের আগুন নেভানোর ফলে ইনানী এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয় বাসিন্দা আজিজুল করিম বলেন, ‘এই আগুনের জন্য পুরো এলাকার বাসিন্দারা আতঙ্ক ছিল। শিক্ষার্থীদের স্কুল-মাদ্রাসায় যেতে অনেক ব্যাঘাত ঘটেছিল। অনেকেই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। এবং দৈনন্দিন চলার পথে অনেকের বিভিন্ন সমস্যা হয়েছিল। অবশেষে আগুন নিভে যাওয়ায় আমাদের ভালো লাগছে।’
রোকসানা আক্তার বলেন, ‘এই আগুনের কারণে আমার মেয়েটা অনেকদিন বিদ্যালয়ে যেতে পারেনি। এ রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। কিন্তু আমার মেয়েটা আগুনকে ভয় পায় বলে বিদ্যালয় যেতে চায়নি। আগুন নিভে যাওয়ায় এখন সবকিছু আগের মতো স্বাভাবিক হবে বলে মনে করি।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।