নানিয়ারচরে সহকর্মীর দা’য়ের কোপে কিশোর জেলের মৃত্যু, আহত ২
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে সহকর্মীর দা-এর কোপে মো. ইসমাইল (১৫) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত জেলেকে আটক করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাতিমারারমুখ-কাঁঠালবাগান সংলগ্ন কাপ্তাই হ্রদের তীরে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দিঘিরপাড়া এলাকার নুরু আলমের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মো. পারভেজ (২২) একই উপজেলার আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাছ ধরা শেষে নৌকা তীরে ভিড়িয়ে খাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পারভেজ হঠাৎ সহকর্মীদের ওপর ধারালো দা নিয়ে হামলা চালান। এতে নূর মোহাম্মদ ও সুনীল দাস গুরুতর আহত হন। এ সময় পালানোর চেষ্টা করলে ইসমাইলকে ধাওয়া করে মাথা ও ঘাড়ে দা দিয়ে কোপানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত পারভেজকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ধারালো দা উদ্ধার করে। আহত নূর মোহাম্মদ ও সুনীল দাসকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে সুনীল দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।