চট্টগ্রামে কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ ‘গার্ডিয়ান শার্ক-১’ সম্পন্ন
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামে ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ (Exercise Guardian Shark-1) শীর্ষক যৌথ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার ইউএস ডিফেন্স অ্যাটাশে অফিসের (U.S. Defense Attaché Office, Dhaka) উদ্যোগে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ আয়োজিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে গত ২ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন (Acting Deputy Chief of Mission) মিস ত্রিশিতা মাওলা (Ms. Trishita Maula)। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এটি পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের যৌথ প্রশিক্ষণ কোর্স আয়োজনের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।