সেনাবাহিনীর অনলাইন নিয়োগ কার্যক্রম আরও আধুনিক করতে টেলিটকের সঙ্গে চুক্তি
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর অনলাইন নিয়োগ কার্যক্রমকে আরও সহজ, আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ চুক্তির ফলে সেনাবাহিনীর নিয়োগপ্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও প্রযুক্তিনির্ভর সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে অনলাইন সেনা নিয়োগ সংক্রান্ত এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, ডিজিটাল সার্ভিস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক শিরিন আক্তার এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মহসিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় সেনাবাহিনীর অনলাইন নিয়োগ কার্যক্রমে টেলিটকের প্রযুক্তিগত সেবা ও ডিজিটাল অবকাঠামো ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত হবে। এর ফলে নিয়োগসংক্রান্ত সেবা গ্রহণের প্রক্রিয়া সহজতর হওয়ার পাশাপাশি আবেদন ও অন্যান্য কার্যক্রম দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়োগ কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর এ উদ্যোগ প্রক্রিয়াগত জটিলতা কমানো, সেবার দক্ষতা বৃদ্ধি এবং নিয়োগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তের আগ্রহী তরুণদের জন্য অনলাইনভিত্তিক নিয়োগসেবা আরও সহজলভ্য করার ক্ষেত্রে এ চুক্তি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
দেশের ডিজিটাল সেবার সম্প্রসারণে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটক এবং বাংলাদেশ সেনাবাহিনীর এ যৌথ উদ্যোগ প্রযুক্তিনির্ভর নিয়োগ ব্যবস্থাপনার অগ্রযাত্রায় নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।