ভারতে পাচারকালে বিজিবির অভিযানে ৭০২ কেজি রসুন জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বরকলে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০২ কেজি বাংলাদেশি রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) পরিচালিত এ অভিযানে কর্ণফুলী নদীতে চলাচলকারী একটি লঞ্চ তল্লাশি করে এসব রসুন উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বরকল ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেটের সামনে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি থেকে ছোটহরিণার উদ্দেশে কর্ণফুলী নদীপথে যাত্রা করা একটি লঞ্চে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০২ কেজি রসুন পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রসুনগুলো কর্ণফুলী নদীপথ ব্যবহার করে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। জব্দ করা রসুনের বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকা হিসাবে মোট ১ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা রসুনের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।