দুর্গম ইন্দ্রসিংপাড়ায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা পেলেন পাহাড়ি জনগোষ্ঠীর ১৫৭ বাসিন্দা
![]()
জার্নাল প্রতিবেদক
পাহাড়ের দুর্গম জনপদে বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার প্রত্যন্ত ইন্দ্রসিংপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।
শনিবার (২৮ নভেম্বর) ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত এ চিকিৎসাসেবা কার্যক্রমে ১৫৭ জন পাহাড়ি বাসিন্দা চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
লক্ষ্মীছড়ি জোন অধিনায়কের নির্দেশনায় এবং ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে লক্ষ্মীছড়ি জোনের মেডিকেল অফিসার (আরএমও) স্থানীয় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দ্রসিংপাড়ার বাসিন্দাদের অনেকের পক্ষেই নিয়মিত চিকিৎসাকেন্দ্রে যাতায়াত করা কঠিন। যাতায়াতের সীমাবদ্ধতা ও অন্যান্য প্রতিবন্ধকতায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হয় তাঁদের। এমন বাস্তবতায় স্থানীয় মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করছে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের চিকিৎসা কার্যক্রম শুধু তাৎক্ষণিক স্বাস্থ্যসেবার সুযোগই তৈরি করে না, বরং দুর্গম এলাকার মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যোগাযোগ ও পারস্পরিক আস্থার সম্পর্ক জোরদারেও ভূমিকা রাখে। লক্ষ্মীছড়ি জোনের এ জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং জীবনমান উন্নয়নে ইতিবাচক অবদান রাখার প্রত্যাশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।