জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
![]()
নিউজ ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ মার্চ) ভোর ৬টা ৫ মিনিটে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল এসময় রাষ্ট্রীয় সালাম জানায়।
প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সেখানে বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় দেশের অব্যাহত, শান্তি ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। পরে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ৭৫-এর ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধুর নিথর দেহ পড়ে থাকার স্মৃতি বিজড়িত সিঁড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ঠিক ৫০ বছর আগে ১৯৭১ সালের সাত মার্চে বাঙালির মুক্তিসংগ্রামের ডাক দিয়েছিলেন তিনি। সে ডাকে সাড়া দিয়ে মাত্র নয় মাসের যুদ্ধে ৩০ লাখ মানুষে বুকের তাজা রক্ত ঢেলে নিয়ে আসে স্বপ্নের স্বাধীনতা।
গত বছর এই দিনটি ছিল বঙ্গবন্ধুর শততম জন্মদিন। সেদিন থেকে আজ পর্যন্ত পুরো বছর মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর সূচি অনুযায়ী মুজিব বর্ষ উদ্যাপন করা যায়নি। এবার স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন করছে বাংলাদেশ। এই বছর তাই বঙ্গবন্ধুর জন্মদিনটি আরো বিশেষভাবে ধরা দিয়েছে। তাই শতবর্ষী বঙ্গবন্ধুর জন্মদিন আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’ শুরু হচ্ছে আজ থেকে।