নেপালের রাষ্ট্রপতি ঢাকায়, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা
![]()
নিউজ ডেস্ক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সকালে ঢাকায় পৌঁছেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। সোমবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে নেপাল এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানান।
নেপালের কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরে বিদ্যা দেবীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। ঢাকায় নেমেই সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে যান নেপালের প্রেসিডেন্ট। সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
নেপালের প্রেসিডেন্ট স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার দেয়, বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রেসিডেন্ট ভাণ্ডারী। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি উদয়পদ্মের চারা রোপণ করেন। পরিদর্শন বইতে তিনি লেখেন নেপালি ও ইংরেজি ভাষায়।

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজের অনুভূতির কথা প্রকাশ করে তিনি লিখেছেন, “শহীদদের আত্মদান শুধু বাংলাদেশ রাষ্ট্রেরই জন্ম দেয়নি, দেশের শক্ত ভিত তৈরি এবং দ্রুত উন্নয়নে জনগণকে উৎসাহিত করেছে। আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন এই বাস্তবতার প্রতিফলন।
সফরের প্রথমদিনেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিদ্যা ভাণ্ডারী। মূল এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন।
সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের বৈঠক করবেন নেপালের প্রেসিডেন্ট। নেপালের রাষ্ট্রপতির ঢাকা সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে। পরে বঙ্গভবনে নৈশভোজে অংশ নেবেন নেপালের প্রেসিডেন্ট। দরবার হলে ওই নৈশভোজের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
মঙ্গলবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন নেপালের রাষ্ট্রপতি। সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি; জাদুঘর পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তার। আগামীকাল দুপুরের পর ঢাকাস্থ নেপাল দূতাবাসের অনুষ্ঠানে যোগ দিবেন বিদ্যা ভাণ্ডারী। বিকেল সাড়ে ৩টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।
বিদ্যা দেবী ভাণ্ডারী নেপালের দ্বিতীয় এবং প্রথম নারী প্রেসিডেন্ট। রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রূপান্তরের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন রাম বরণ যাদব।বাংলাদেশে নেপালের কোনো রাষ্ট্রপতির এটিই প্রথম আনুষ্ঠানিক সফর।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে এরমই মধ্যে বাংলাদেশ সফর করেছেন। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এই আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে।