প্রথম ধাপের মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রকাশ
![]()
নিউজ ডেস্ক
স্বাধীনতার ৫০ বছরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীর প্রথম ধাপের তালিকা প্রকাশ করলো সরকার। প্রথম পর্যায়ের চূড়ান্ত তালিকায় বীর মুক্তিযোদ্ধা ১ লাখ ৪৭ হাজার ৫শ ৩৭ জন। আর শহীদ বুদ্ধিজীবীর তালিকায় আছে ১৯১ জনের নাম। ২৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে এ তালিকা দেন।
ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার-এমআইএসে যুক্ত হওয়াদের তালিকাই আজ প্রকাশ করা হয়েছে। যাদের নাম শুধু বেসামরিক তালিকায় আছে, তাদের নাম এখন দেয়া হয়নি। এছাড়া জামুকার সুপারিশ ছাড়া নামের যাচাই-বাছাই চলছে।
মন্ত্রী বলেন, আমরা যথাযথ প্রক্রিয়ায় তৃণমূল হতে তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে কাজ করছি। বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্যায় ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জনের তালিকা প্রকাশ করছি। এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতা, বরিশালে ১২৫৬৩, চট্টগ্রামে ৩০০৫৩, ঢাকা ৩৭৩৮৭, ময়মনসিংহ ১০৫৮৮, খুলনা ১৭৬৩০, রাজশাহী ১৩৮৮৯, রংপুর ১৫১৫৮, সিলেট ১০২৬৪ জন। এছাড়াও আর প্রথম ধাপে ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নাম রয়েছে।
এসময় তিনি আরো বলেন, যাদের নাম শুধু বেসামরিক তালিকায় আছে, তাদের নাম আপাতত প্রকাশ করা হবে না। এ ছাড়া জামুকার সুপারিশবিহীন যে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে, তাদের নামও তালিকায় থাকছে না।
মন্ত্রী জানান, দেশের ৪৯১ উপজেলা ও মহানগর কমিটির মধ্যে ৩৭৯টি কমিটির যাচাই-বাছাইয়ের প্রতিবেদন পাওয়া গেছে। সময় বেঁধে দেওয়া হলেও সব প্রতিবেদন পাওয়া যায়নি। এ জন্য এসব তালিকা প্রকাশ আপাতত বাকি থাকছে। এছাড়া নতুনভাবে মুক্তিযোদ্ধা হওয়ার আর সুযোগ নেই, কেউ আবেদন করতে পারবেন না বলেও জানান মন্ত্রী।
জানা যায়, লাল মুক্তিবার্তায় যাদের নাম রয়েছে, যারা ভারতীয় তালিকায় অন্তর্ভুক্ত, তাদের নিয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে এবারের তালিকাটি প্রণয়ন করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, এবারের তালিকা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।