খাগড়াছড়ি দীঘিনালায় চার গ্রামে সেনাবাহিনীর সুপেয় পানি বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি বিতরণ করা হয়েছে। গত শনিবার (২৭ মার্চ) সকালে উপজেলার রিজার্ভ ছড়া এলাকায় সুপেয় পানি বিতরণ কর্মসূচী উদ্ধোধন করেন, দীঘিনালা জোনের জোনাল ষ্টাফ অফিসার-ক্যাপ্টেন সুহ্নদ শুভানন।
জানা যায়, শুষ্ক মৌসুম এলেই দীঘিনালা উপজেলার, রিজার্ভ ছড়া, জোড়া ব্রিজ, নয়মাইল, সীমানা পাড়া গ্রামে পানির স্তর নিচে নেমে গেলে ছড়া ঝিরি, ঝরণা শুকিয়ে যায়। ফলে এসব গ্রামে সুপেয় পানির সংকট দেখা দেয়। এসব গ্রামের পানির কষ্ট দূর করতে গত শনিবার থেকে সুপেয় পানি বিতরণ কর্মসূচী গ্রহণ করে দীঘিনালা জোনের সেনাবাহিনী।
শনিবার সকালে জোড়াব্রীজ এলাকায় পানি নিতে আসা চিজিবি চাকমা (২৮) জানান, শুষ্ক মৌসুম এলেই এলাকায় আর পানি পাওয়া যায় না। ঝিরি ঝরণাগুলিও শুকিয়ে যায়| অনেক কষ্ট করে দূর থেকে পানি আনতে হতো!
কবাখালী ইউনিয়নে সাবেক মেম্বার অমিয় কান্তি চাকমা জানান, এ এলাকায় সুপেয় পানির হাহাকার পড়েছিলো| কোথাও খাওয়ার নিরাপদ পানি ছিলো না। সেনাবাহিনীর উদ্যোগে নিরাপদ পানি পেয়ে খুব ভালো লাগছে।
দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম জানান, সুপেয় পানির ব্যবস্থা না হওয়া পর্যন্ত নিয়মিত সেনাবাহিনীর উদ্যোগে উপজেলার রিজার্ভ ছড়া, জোড়া ব্রিজ, নয়মাইল, সীমানা পাড়া গ্রামে বিতরণ করা হবে।