বাংলাদেশের নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ - Southeast Asia Journal

বাংলাদেশের নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে। গত ১০ জুন বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে ২৪ জুন থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন এসএম শফিউদ্দিন আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী তিনি বেতনভাতা পাবেন।

খুলনার একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এসএম শফিউদ্দিন আহমেদ ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ লংকোর্সের মাধ্যমে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান। গত বছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসির দায়িত্ব থেকে কিউএমজি করে সেনা সদরে নিয়ে আসা হয়।

এর আগে ২০১৯ সালের আগস্টে মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন শফিউদ্দিন আহমেদ। পরে তাকে অ্যার্টডকের দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি লজিস্টিকস এরিয়া, পদাতিক ব্যাটালিয়ন, পদাতিক ব্রিগেডসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের ভ‚মিকায় দায়িত্ব পালন করেছেন।

১৯ পদাতিক ডিভিশনের জিওসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবেও তিনি কাজ করেছেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ডেপুটি ফোর্স কমান্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন শফিউদ্দিন আহমেদ।