পদ্মা সেতুর সুরক্ষায় ফেরিতে ভারী যান পারাপার বন্ধ - Southeast Asia Journal

পদ্মা সেতুর সুরক্ষায় ফেরিতে ভারী যান পারাপার বন্ধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পদ্মাসেতুর পিলারের ধাক্কার ঘটনায় মাওয়া ঘাট থেকে পণ্যবাহি ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপার হবে না বলে জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান। এসময় তিনি আরো জানান, বিকল্প পথে ভারি যান নিয়ে ফেরি চলবে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে বাস-ট্রাক পারাপার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা খুবই বিব্রত। দুঃখজনক হলেও বলতে হচ্ছে পর পর দুবার সংঘর্ষ ঘটেছে। শিমুলিয়া বাংলাবাজার রুটে তীব্র স্রোতের কারণে চলাচল দুরূহ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ফেরি চলাচলে যে সক্ষমতা সেটা আমাদের নেই।

‘স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনো ভারী যানবাহন পারাপার হবে না হবে শিমুলিয়া-বাংলাবাজার রুটে। তবে অ্যাম্বুলেন্স ও হালকা যান পারাপার হবে।’

১৭ দিনের ব্যবধানে সেতুর পিলারে দ্বিতীয়বার ফেরির ধাক্কার ঘটনায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্টার দেলোয়ারুল ইসলাম ও সুকানি আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুর্ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসি-এর কারিগরি পরিচালক রাশেদুল হাসানকে প্রধান করে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। এর আগে সোমবার ১১ টায় লোহজং থানায় এ ঘটনায় সাধারণ ডায়রি করে পদ্মাসেতু কর্তৃপক্ষ।

প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, এভাবে বারবার সেতুর পিলারের সঙ্গে দুর্ঘটনা অনাক্ঙ্খিত, তবে এতে সেতুর কোন ক্ষতি হবে না।
সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার সময় সেতুর ১০নং পিলারে ধাক্কা দেয় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর । এ ঘটনায় এক নারীসহ কমপক্ষে ৫ জন আহত হন। ফেরিতে থাকা একটি ট্রাক ছিটকে প্রাইভেটকারের ওপরে পড়ায়–গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।

পরে, ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, পিলারের দক্ষিণ-পশ্চিম কোণে ফেরিটি ধাক্কা দেয়।

এর আগে, গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি শাহজালালের ধাক্কা লাগে। এতে ওই ফেরির ২০ যাত্রী আহত হন।