ঢাকায় ভারতের রাষ্ট্রপতি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন
![]()
নিউজ ডেস্ক
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার সকালে একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন ভারতের রাষ্ট্রপতি।
বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিবস উদযাপন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন তিনি।
সফরের তৃতীয় দিন আগামী শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনার কালীমন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করবেন এবং মন্দিরটি পরিদর্শন করবেন। একই দিন দুপুরে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই বাংলাদেশে প্রথম সফর। এর আগে ২০১৩ সালের মার্চে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায় এসেছিলেন।

রামনাথ কোবিন্দকে লালগালিচা সংবর্ধনা
ঢাকায় পৌঁছানোর পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে তিন বাহিনীর গার্ড অব অনার ও লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
মুজিব জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজনে অংশ নিতে তিন দিনের সফরে বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সস্ত্রীক ঢাকায় পৌঁছান ভারতীয় রাষ্ট্রপতি। এটাই প্রথমবার ঢাকায় এলেন রামনাথ কোবিন্দ।
তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখানে প্রতিবেশী দেশের রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি সবিতা কোবিন্দকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ফার্স্ট লেডি রাশিদা খানম।
বিদেশি কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানকে ফুল দিয়ে বরণ করার রেওয়াজ থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে তা হয়নি, এমনকি দুই দেশের রাষ্ট্রপ্রধাদের মধ্যে করমর্দনও হয়নি।
তবে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১ বার তোপধ্বনি দিয়ে রামনাথ কোবিন্দকে স্বাগত জানানো হয়। তিন বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। গার্ড পরিদর্শনকালে ভারতের রাষ্ট্রপতিকে লাইন অব প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বুধবার দুপুরের দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রামনাথ কোবিন্দ। এ সময় শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন তিনি।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বুধবার দুপুর দেড়টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানান রামনাথ কোবিন্দ।