রামগড়ে অসহায়দের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সহায়তা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে হতদরিদ্র ও অসহায়দের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় রামগড় ব্যাটালিয়নের আওতাধীন রামগড় ইউনিয়নের দাতারামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক রাজু আহমেদ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ।
এসময় মেডিকেল ক্যাম্প সেবার দায়িত্বে ছিলেন ৪০ বিজিবি জোনের মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন মাইনুল ইসলাম রিপাত ও রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ সাদ্দাম হোসেন দাতারামপাড়া এলাকায় বসবাসরত দুস্থ ও গরীব পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে চিকিৎসহায়তা প্রদান করেন।
এদিন, সর্বমোট ২৬৪ জন হতদরিদ্র ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয় বলে জানা যায়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা মূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।