রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সংহতি জানিয়ে কক্সবাজারে ঘুড়ি উৎসব - Southeast Asia Journal

রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সংহতি জানিয়ে কক্সবাজারে ঘুড়ি উৎসব

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আর্টোল্যুশনের যৌথ উদ্যোগে কক্সবাজার সমুদ্রসৈকতে হয়েছে ঘুড়ি উৎসব। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সংহতি জানিয়ে কক্সবাজারের সাধারণ মানুষ তাতে অংশ নেয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫২ বছর আগে এই মার্চ মাসে বাংলাদেশের মানুষ বাধ্য হয়েছিল শরণার্থী হতে। তারাই আজ উদারভাবে আশ্রয় দিচ্ছে মিয়ানমারে সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের। কক্সবাজারের মানুষের মানবিক চেতনা আজ আবারও দৃশ্যমান হয়, যখন অনুষ্ঠানে বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে আসা স্থানীয় মানুষ ঘুড়ি ওড়ানোর পাশাপাশি প্রকাশ করছিলেন রোহিঙ্গাদের জন্য অনুপ্রেরণামূলক বার্তা।

কক্সবাজারে নিযুক্ত ইউএনএইচসিআর-এর প্রধান কর্মকর্তা ইয়োকো আকাসাকা বলেন, ঘুড়ি ওড়ানোর সময় আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই, আমাদের শৈশবের কথা। যখন আমাদের সবারই কিছু আশা ও স্বপ্ন ছিল। রোহিঙ্গা শিশুদেরও এরকম অনেক স্বপ্ন আছে। আর আমরা চাই তাদের যথাযথ শিক্ষা ও দক্ষতা দিয়ে সে স্বপ্নগুলো পূরণে তৈরি করতে। বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের মানুষের জন্য আমরা কাজ করে যাবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান। তিনি বলেন, এই ঘুড়ি উৎসব আমার শৈশবের কথা মনে করিয়ে দিয়েছে। উপস্থিত দর্শকদের আনন্দ দেখে আমি অভিভূত। বন্ধুত্ব ও সংহতির এই ধরনের অনুষ্ঠান আরও আয়োজন করা দরকার।

কক্সবাজার থেকে বন্ধুত্বের বার্তা সম্বলিত এই ঘুড়িগুলো শিগগিরই পৌঁছে দেওয়া হবে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের কাছে।