উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ খুনে গ্রেপ্তার ৬
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে পাঁচ জন নিহতের ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন – এপিবিএন।
তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে এপিবিএন জানিয়েছে।
গত ৭ জুলাই শুক্রবার গভীর রাতে উখিয়া উপজেলার বালুখাল ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ জানান।
গ্রেপ্তারদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা বলে জানান এএসপি ফারুক।
শুক্রবার ভোরে বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে দুটি পক্ষের মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত হন।
ফারুক আহমেদ জানান, ওই ঘটনায় জড়িতরা ক্যাম্পে অবস্থান করছে খবরে এপিবিএনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালান।
“ক্যাম্পটির বিভিন্ন এলাকায় অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দেশে তৈরী একটি বন্দুক ও একটি গুলি জব্দ করা হয়।”
এদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, ফাইভ মার্ডারের ঘটনায় এখনও ভুক্তভোগী কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। সে কারণে এখনও মামলা হয়নি।