রোয়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের রোয়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী, খেলাধুলা সামগ্রী ও শীতবস্ত্র প্রদান করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রোয়াংছড়ি উপজেলায় কানইন্তার মুখ ও লাপাগই পাড়ার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসব শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।
এসব সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাবজোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ।
এসময় পাড়ার কারবারি, বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবজোন কমান্ডার মেজর ইয়াসিন বলেন, তিন পার্বত্য এলাকার সাধারণ মানুষের শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সেনাবাহিনী নানা ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানে প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে শিক্ষা উপকরণসহ, ছাত্রছাত্রীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে সবসময় স্থানীয় সকল জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
পরে দুটি পাড়ার ৩০ জন শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, রাইটিং ম্যাট, ক্যারাম বোর্ড, ফুটবল ও ১৫০ টি শীতবস্ত্র বিতরণ করা হয়।