শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অংশ হিসেবে থানচির পাহাড়িদের পাশে সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলার থানচিতে বম, ত্রিপুরা ও মুরং সম্প্রদায়ের দুঃস্থ, অসহায় জনগনের মাঝে মানবিক সহায়তা, শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
গতকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে থানচি উপজেলার বাকলাই পাড়া সাব জোনের আওতাধীন পাড়া সমূহে এ সহায়তা প্রদান করেন ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান।

এসময় ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল সরদার জুলকার নাইন, উপ-অধিনায়ক মেজর আবু মোহাম্মদ শাহরিয়ার মিথুন ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে শিক্ষা সহায়তা, উপাসনালয় নির্মাণের জন্য ঢেউটিন এবং শতাধিক দুঃস্থ ও অসহায় পাহাড়ি জনগণের মাঝে শীতবস্ত্র ও কম্বল এবং কোমলমতি বাচ্চাদের মাঝে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার।

একই সাথে এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। দিনব্যাপী এই চিকিৎসা সেবা ক্যাম্পে ৪৭ জন শিশু, ৯৫ জন মহিলা ও ১৪৫ পুরুষসহ মোট ২৮৭ জন সেবাভোগী জনসাধারণ বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।
চিকিৎসা কার্যক্রম চলাকালীন রিজিয়ন কমান্ডার উক্ত এলাকা পরিদর্শন করেন ও চিকিৎসা সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় তিনি, এই অঞ্চলের জনগণদের শান্তিপূর্ণসহাবস্থান ও সু-সসম্পর্ক বজায় রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন এবং এত চরম সময়ের মধ্যেও তাদের সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শুরু থেকে এলাকার মানুষের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিনামুল্যে চিকিৎসা সেবা ও বিভিন্নভাবে উপকারভোগিরা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ও বান্দরবান রিজিয়ন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনীর উত্তোত্তর সাফল্য কামনা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।