রুমার সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা, নির্বাচনে মাঠে থাকবে বিজিবি

রুমার সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা, নির্বাচনে মাঠে থাকবে বিজিবি

রুমার সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা, নির্বাচনে মাঠে থাকবে বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বান্দরবানের রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহন্ত।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মূলত সীমান্ত এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। সারাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তজুড়ে সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনার আওতায় প্রায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

শনিবার সকাল সাড়ে ১০টায় ৯ বিজিবি রুমা ব্যাটালিয়নের কনফারেন্স কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান তিনি।

প্রেস কনফারেন্সে মেজর তিমির রঞ্জন মহন্ত বলেন, নির্বাচন কমিশন ও সরকার কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। নির্বাচনী কার্যক্রম চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবি পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে বিজিবি আশাবাদী। ভোটগ্রহণ ও গণমত সংগ্রহের পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ বিভিন্ন পার্বত্য ও উপকূলীয় এলাকায় আগাম থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ মোবাইল টিম ও কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে, যাতে নির্বাচন হয় নির্বিঘ্ন, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর।

প্রেস কনফারেন্সে সহকারী পরিচালক জসিম উদ্দিন, অনারারি সহকারী পরিচালক সুরোজ কুমার সাহা ছাড়াও রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং, রুমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চনুমং মারমাসহ রুমা ও রোয়াংছড়ি উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পার্বত্য ও সীমান্তবর্তী এলাকাগুলোতে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা বরাবরই একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়। সে প্রেক্ষাপটে বিজিবির এই প্রস্তুতিকে স্থানীয়ভাবে নির্বাচনী নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।