ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রুমায় সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বয় সভা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রুমায় সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বয় সভা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রুমায় সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বয় সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলায় দুর্গম এলাকায় ভোটগ্রহণের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১০টায় রুমা জোন কার্যালয়ে আয়োজিত এই সভায় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন রুমা জোন অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী হাসান সরকার।

তিনি উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময়কালে দুর্গম ও পাহাড়ি এলাকায় ভোটারদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা, ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রমে প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা প্রদান এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক প্রস্তুতি ও তৎপরতার বিষয়টি তুলে ধরেন।

জোন অধিনায়ক বলেন, পাহাড়ি ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকাগুলোতে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। নির্বাচনকালীন যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল দে, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, রুমা থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসন, সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

রুমা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৫২১ জন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রুমা উপজেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি উপজেলা হওয়ায় রুমায় নির্বাচনকালীন নিরাপত্তা ও লজিস্টিক সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed