শেরপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতকারী আটক
![]()
নিউজ ডেস্ক
শেরপুর শহরের টাউন কলোনি এলাকায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুইজন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৪০ বীর-এর একটি টহল দল সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করে।
সেনাবাহিনী সূত্র জানায়, গতকাল ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টা থেকে ৯ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেজর শাহরুখ ও ক্যাপ্টেন সাজ্জাদের নেতৃত্বে একটি টহল দল টাউন কলোনি এলাকায় অভিযান চালায়।
অভিযানে নিরব রহমান শাওন (২৫) ও মো. হাজরৎ আলী (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড কার্তুজ, তিনটি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি হকি স্টিক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এলাকায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খল ও দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সেনাবাহিনী। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বে একাধিকবার কারাভোগের রেকর্ড এবং পুলিশের নিকট বিভিন্ন মামলা থাকার তথ্যও পাওয়া গেছে।
অভিযান শেষে আটক দুই ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রসামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।