মণিপুরের উখরুলে অগ্নিসংযোগ, অপহরণ ও গুলিবর্ষণ—নতুন করে উত্তেজনা
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলার সিনাকেইথেই গ্রামে অগ্নিসংযোগ, অপহরণ ও গুলিবর্ষণের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার গ্রামাঞ্চলের ভেতরে ধারাবাহিক কয়েকটি ঘটনার পর পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।
সিনাকেইথেই গ্রাম কর্তৃপক্ষ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম ঘটনাটি ঘটে। লেপলেন দিক থেকে লাফারাক (কুকি অধ্যুষিত গ্রাম) অভিমুখে যাওয়া একটি সাদা বোলেরো গাড়িতে থাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পথিমধ্যে থেমে সিনাকেইথেই গ্রামের আওতাধীন লুংতের পাহাড়ি এলাকায় আগুন ধরিয়ে দেয়।
গ্রাম কর্তৃপক্ষের দাবি, লুংতের হিল রেঞ্জে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিত কৌশলের অংশ। তাদের অভিযোগ, এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করে চলাচল ও অন্যান্য তৎপরতার সুযোগ নেওয়ার উদ্দেশ্যেই আগুন লাগানো হয়েছে।
একই দিনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন স্থানীয় কৃষক আসেং আওংগশিকে লুংতের পাদদেশ থেকে এক কুকি সশস্ত্র গোষ্ঠী অপহরণ করে। তিনি নিজের জমিতে যাওয়ার পথে ছিলেন। অভিযোগ অনুযায়ী, তাকে জোরপূর্বক উজানের জঙ্গলে নিয়ে গিয়ে কেন তিনি জমিতে যাচ্ছেন এবং গ্রামে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আছে কি না—এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি এলাকায় অবাধে চলাচল না করার হুমকিও দেওয়া হয়।
এ ছাড়া কিংসন মুইভা নামে এক স্থানীয় বাসিন্দা থামার নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এতে তার জীবন ঝুঁকির মুখে পড়ে এবং গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিনাকেইথেই গ্রাম কর্তৃপক্ষ অগ্নিসংযোগ, অপহরণ, নিরস্ত্র বেসামরিক নাগরিকের ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার মতো ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এসব কর্মকাণ্ড এলাকার শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার জন্য সরাসরি হুমকি।
পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় গ্রাম কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণ, পূর্ণাঙ্গ তদন্ত এবং গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।