চিকেনস নেকের কাছে ভারতীয় তিন বাহিনীর সমন্বিত মহড়া
![]()
নিউজ ডেস্ক
ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডোরের কাছে সমন্বিত মহড়া চালিয়েছে দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী। গুরুত্বপূর্ণ এই করিডোরের নিরাপত্তা জোরদারে জলপাইগুড়ি এলাকায় যৌথ এই মহড়া অনুষ্ঠিত হয়। মূলত জরুরি পরিস্থিতিতে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করাই ছিল এ মহড়ার মূল লক্ষ্য।
জানা যায়, দেশটির সীমান্তরক্ষী বাহিনী এসএসবি (সশস্ত্র সীমা বল), পশ্চিমবঙ্গ পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এই মহড়া চালায়। আকস্মিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় জলপাইগুড়ি জেলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল জলঢাকা সেতুতে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার মূল উদ্দেশ্য ছিল, যেকোনও বড় সংকট বা জরুরি পরিস্থিতিতে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে দ্রুত ও কার্যকর সমন্বয় নিশ্চিত করা। বিশেষ এ যৌথ মহড়ায় এসএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ধূপগুড়ি ও ময়নাগুড়ি থানার পুলিশ এবং জলপাইগুড়ি রোড স্টেশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-এর কর্মকর্তারা অংশ নেন।
প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এলাকায় অবস্থিত জলঢাকা সেতু ‘চিকেনস নেক’ অঞ্চলের যোগাযোগ ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অবকাঠামো।

জরুরি পরিস্থিতি বা যুদ্ধকালীন অবস্থায় এ সেতুতে কোনও নিরাপত্তা হুমকি দেখা দিলে আধাসামরিক বাহিনীর সদস্যরা কীভাবে দ্রুত অবস্থান নেবেন এবং স্থানীয় পুলিশ ও রেল পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন, মহড়ায় সেটিরই বাস্তব অনুশীলন করা হয়।
উত্তরবঙ্গের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ আগাম প্রস্তুতিমূলক মহড়ার আয়োজন করা হয় বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।