ভূষণছড়া ও বড়হরিণায় বিজিবির সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার হরিনা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হরিনা (১২ বিজিবি) ব্যাটালিয়নের অধীন হরিনা জোনের উদ্যোগে ভূষণছড়া ও বড়হরিণা এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় বসতবাড়ি নির্মাণ ও মেরামত, আর্থিক সহায়তা এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

হরিনা ১২ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, হরিনা জোনের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে রয়েছে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা, বিবাহ উপলক্ষে অনুদান এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান।
এবারের কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি পরিবারের বসতবাড়ি মেরামতের জন্য টিন সরবরাহ করা হয়েছে এবং ঘরে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সোলার প্যানেল প্রদান করা হয়।
এছাড়াও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পাঁচজনকে স্ট্যান্ডসহ সেলাই মেশিন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি মসজিদের ইমামকে সম্মানী প্রদান এবং স্থানীয় অসহায় মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
হরিনা জোনের জোন অধিনায়ক বলেন, হরিনা জোন দীর্ঘদিন ধরে দায়িত্বপূর্ণ প্রায় ৪৭ কিলোমিটার সীমান্ত এলাকায় সুনামের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ কার্যক্রমের আওতায় মোট ৩৪টি পরিবার এবং তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।