কক্সবাজারে কাজ হারানোর শঙ্কায় শুঁটকি মহালের নারী শ্রমিকেরা
![]()
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস ঘিরে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির নানা আলোচনা চললেও কক্সবাজারের শুঁটকি পল্লীর হাজারো নারী শ্রমিক এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সাগরে মাছের সংকটের কারণে জেলার অন্যতম বৃহৎ শুঁটকি উৎপাদনকেন্দ্র নাজিরারটেকে প্রায় ৬০০টি মহালে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারানোর শঙ্কায় পড়েছেন তারা। ফলে সংসার চালানো নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন এসব শ্রমজীবী নারী।
দেশের অন্যতম বড় শুঁটকি উৎপাদন কেন্দ্র কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে ছোট-বড় প্রায় ৭০০ মহালে প্রতি মৌসুমে প্রায় ৫৫ হাজার মেট্রিক টন শুঁটকি উৎপাদিত হয়। তবে কয়েক মাস ধরে সাগরে মাছ কম ধরা পড়ায় শুঁটকি উৎপাদন দিন দিন কমছে। এতে শুঁটকি শুকানোর কাজে নিয়োজিত নারীদের কর্মসংস্থানও দ্রুত কমে যাচ্ছে।
একটি শুঁটকি মহালে কথা হয় শ্রমিক রাজেমা খাতুনের সঙ্গে। তিনি বলেন, “প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা কাজ করে মজুরি পান ৪৫০ থেকে ৫০০ টাকা। তার সাত সদস্যের সংসার চালাতে এই আয় যথেষ্ট নয়। তিনি বলেন, ‘‘অনেক মহাল বন্ধ হয়ে যাওয়ায় কাজেরও অভাব দেখা দিয়েছে। তবুও ৪৫০ থেকে ৫০০ টাকায় কাজ না করলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।”

রাজেমা খাতুনের মতো নাজিরারটেকের শুঁটকি মহালে পেটের তাগিদে কাজ করেন আরও অনেক নারী শ্রমিক। তাদের একজন রহিমা বেগম। কয়েক বছর আগে তার স্বামী সাগরে মাছ ধরতে গিয়ে মারা যান। এরপর চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসারের পুরো দায়িত্ব তার কাঁধেই এসে পড়ে। জীবিকার তাগিদে শুঁটকি মহালে কাজ শুরু করেন তিনি। কিন্তু মাছের সংকটে অনেক মহাল বন্ধ হয়ে যাওয়ায় এখন নিয়মিত কাজও মিলছে না।
রহিমা বেগম বলেন, “আগে প্রায় প্রতিদিনই কাজ পাওয়া যেত, এখন সপ্তাহে দুই-তিন দিনের বেশি কাজ মেলে না। তবুও যা আয় হয়, তা দিয়েই সন্তানদের নিয়ে কোনোভাবে সংগ্রাম করে সংসার চালানোর চেষ্টা করে যাচ্ছি।”
মুর্শিদা আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে শুঁটকি মহালের কাজের ওপরই আমার পরিবারের আয়ের ভরসা। কিন্তু মাছের সংকটে কাজ কমে যাওয়ায় আয়ও কমেছে। কষ্টে দিন যাচ্ছে। আশা করছি আবারো শুঁটকি পল্লীর মাচায় ভরপুর মাছ উঠুক।”
জুহুরা খাতুন বলেন, “মহালে মাছ কাটা, ধোয়া ও শুকানোর কাজে অনেক নারী শ্রমিক যুক্ত থাকলেও বেশিরভাগ মহাল বন্ধ থাকায় অনেকেই এখন কাজ হারানোর শঙ্কায় রয়েছেন। কাজ না থাকলে দিনমজুর পরিবারের জন্য সংসার চালানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।”
মহালমালিক, ব্যবসায়ী, জেলে ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাগরে মাছ কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বঙ্গোপসাগরে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি, ট্রলিং জাহাজের বেপরোয়া মাছ আহরণ, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার করে মাছের পোনা ধ্বংস, উপকূলে জাটকা ইলিশ নিধন, সাগরের পানিদূষণ এবং লবণাক্ততার মাত্রা বৃদ্ধি। এসব কারণে সামুদ্রিক মাছের প্রাপ্যতা কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে শুঁটকি উৎপাদনে।

কক্সবাজার শুঁটকি প্রক্রিয়াজাত ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, “উপকূলে এখন সামুদ্রিক মাছ খুব কম মিলে। বর্তমানে শতাধিক মহালে কিছু শুঁটকি উৎপাদন হচ্ছে। গত ছয় মাস ধরে এই শুঁটকি পল্লীতে মাত্র ২০ শতাংশ মাছ আসে কক্সবাজার উপকূল থেকে। বাকি ৮০ শতাংশ আসে চট্টগ্রাম বন্দর থেকে। আগে ট্রলারের জালে ধরা পড়া মাছের একটি বড় অংশ নাজিরারটেক, নুনিয়ারছড়া ও মগচিতাপাড়াসহ বিভিন্ন উপকূলের শুঁটকি মহালে সরবরাহ করা হতো। এখন মাছ না থাকায় প্রায় ৬০০টি মহালে উৎপাদন বন্ধ হয়ে গেছে।”
ওই সমিতি সূত্রে জানা গেছে, গত বছর ৭০০টি মহালে প্রায় ৫৫ হাজার মেট্রিক টন শুঁটকি উৎপাদিত হয়েছিল। কিন্তু চলতি মৌসুমের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) উৎপাদন হয়েছে প্রায় ২০ হাজার মেট্রিক টন। সাগরে মাছ ধরা না পড়লে চলতি মৌসুমে শুঁটকি উৎপাদন অর্ধেক কমে যেতে পারে। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শুঁটকি পল্লীর শ্রমিকেরা, বিশেষ করে নারী শ্রমিকরা। নাজিরারটেক, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, ফদনারডেইল, মোস্তাইক্যাপাড়া ও বাসিন্যাপাড়াসহ ১ নম্বর ওয়ার্ডের ১৮টি উপকূলীয় পল্লিতে প্রায় ৭০ হাজার জলবায়ু-উদ্বাস্তু পরিবারের বসবাস। এর মধ্যে অন্তত ৪৫ হাজার নারী-পুরুষ শুঁটকি মহালে শ্রমিক হিসেবে কাজ করেন।
১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকতার কামাল বলেন, “মাছের সংকটের কারণে প্রায় ৮০ শতাংশ মহালে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে অন্তত ৪০ হাজার শ্রমজীবী মানুষ অর্থসংকটে পড়েছেন এবং অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।”
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা কারণে সাগরে মাছের প্রাপ্যতা আগের তুলনায় কমে গেছে। এর প্রভাব পড়ছে শুঁটকি উৎপাদনেও।
তিনি আরও জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে কক্সবাজারে মোট ৪৮ হাজার ২৮৫ মেট্রিক টন শুঁটকি উৎপাদিত হয়েছিল, যার বাজারমূল্য ছিল প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা। তবে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) শুঁটকি উৎপাদন হয়েছে ১১ হাজার মেট্রিক টনের কিছু বেশি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।