ফরম পূরণের অর্থ জোগাতে না পেরে পরীক্ষা অনিশ্চিত, প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
আর্থিক অসচ্ছলতার কারণে কলেজের পরীক্ষার ফরম পূরণ করতে না পারায় উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সুনয়ন চাকমার। এমন পরিস্থিতিতে তাঁর শিক্ষাজীবন অব্যাহত রাখতে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর সেনা জোন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নানিয়ারচর জোন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থী সুনয়ন চাকমার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।
সুনয়ন চাকমা নানিয়ারচর জোনের আওতাধীন ২ নম্বর নানিয়ারচর ইউনিয়নের বাসিন্দা এবং খাগড়াছড়ি সরকারি কলেজের ২০২৭ সালের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আর্থিক সংকটের কারণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের ফি পরিশোধ করতে না পারায় তাঁর পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিষয়টি সেনাবাহিনীর নজরে এলে তাঁর শিক্ষাজীবন যাতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে বিএ পরীক্ষার ফরম পূরণসহ প্রয়োজনীয় সার্বিক খরচের দায়িত্ব গ্রহণ করে নানিয়ারচর জোন।
অনুষ্ঠানে শিক্ষার্থীর হাতে সহায়তা তুলে দিয়ে জোনের পক্ষ থেকে তাঁর উচ্চশিক্ষা অব্যাহত রাখার ক্ষেত্রে সহযোগিতা করা হয়। আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে ধরনের মানবিক উদ্যোগ সমাজে শিক্ষার প্রসার ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, শিক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় নানিয়ারচরে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে সেনা জোনের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। তাঁরা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।