আলীকদমে হরিণের মাংস বিক্রির চেষ্টা: যুবকের এক মাসের কারাদণ্ড

আলীকদমে হরিণের মাংস বিক্রির চেষ্টা: যুবকের এক মাসের কারাদণ্ড

আলীকদমে হরিণের মাংস বিক্রির চেষ্টা: যুবকের এক মাসের কারাদণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় হরিণ শিকার করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম এ দণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত যুবক নুরুল হাকিম (৩০) উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল হাকিম মাতামুহুরী সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল থেকে হরিণ শিকার করে প্রায় ১০ কেজি মাংস নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে সেনা জোনের একটি চেকপোস্টে তল্লাশির সময় তিনি ধরা পড়েন। পরে সেনাবাহিনী তাকে মাংসসহ বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে।

বন বিভাগ জানায়, প্রায় ১ লাখ ২ হাজার একর আয়তনের মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলটি মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত এবং এটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বনভূমির অন্যতম। এখানে হরিণ, কচ্ছপ, ভালুকসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর বসবাস রয়েছে।

বন বিভাগের মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আবদুল মালেক বলেন, বনাঞ্চল রক্ষায় নিয়মিত নজরদারি জোরদার করা প্রয়োজন, নইলে বন্যপ্রাণী হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, বন্য প্রাণী শিকার একটি গুরুতর অপরাধ। অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করায় বন্য প্রাণী সংরক্ষণ আইনের ১১ ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।