স্বাধীনতা দিবসে শিশুদের মাঝে জাতীয় পতাকা বিতরণ, ব্যতিক্রম উদ্যোগ হাবীবের
![]()
নিউজ ডেস্ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটিতে কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা বিতরণের এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে আয়োজিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী উপলক্ষে আগত শিশু ও শিক্ষার্থীদের মাঝে তিনি জাতীয় পতাকা বিতরণ করেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ডিসপ্লে প্রদর্শনী উপভোগ করতে সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে বিপুল সংখ্যক শিশু-কিশোর স্টেডিয়ামে সমবেত হয়।
এই সুযোগে স্টেডিয়ামের প্রবেশমুখ ও গ্যালারিতে অবস্থান নিয়ে মো. হাবীব আজম প্রায় ১০০টি জাতীয় পতাকা এবং “২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস” লেখা ১০০টি মাথার ফিতা শিশু ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অভিভাবকরা বলেন, এ ধরনের কার্যক্রম শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধ বৃদ্ধি পাবে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে।
জাতীয় পতাকা বিতরণ শেষে মো. হাবীব আজম বলেন, স্বাধীনতার ঘোষণার পর দেশের দামাল সন্তানরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। তিনি শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। দেশের অখণ্ডতা রক্ষা এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাধীনতার মাসে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।