বান্দরবানে বন্ধ ফিলিং স্টেশন খুলে নিজে দাঁড়িয়ে তেল বিতরণ করলেন এমপি সাচিং প্রু জেরী
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানে জ্বালানি তেলের তীব্র সংকটে বিপাকে পড়া পর্যটক ও স্থানীয়দের দুর্ভোগ লাঘবে সরাসরি মাঠে নেমেছেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বন্ধ থাকা ফিলিং স্টেশন চালু করে নিজে উপস্থিত থেকে তেল বিতরণ কার্যক্রম তদারকি করেন তিনি।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে তিনি বান্দরবান শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে গেলে তেলের জন্য মোটরসাইকেল, জিপ ও পর্যটকবাহী যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও ভ্রমণকারীরা।
পরিদর্শনকালে দেখা যায়, কিছু ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও সেগুলো বন্ধ রাখা হয়েছে। বিষয়টি জানার পর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এমপি সাচিং প্রু জেরী। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পাম্প মালিকদের সঙ্গে কথা বলে দ্রুত ফিলিং স্টেশন খুলে দেওয়ার নির্দেশ দেন।
এসময় শহরের উজমা ওয়েল ফিলিং স্টেশন সীমিত আকারে তেল সরবরাহ করলেও পাহাড়িকা ফিলিং স্টেশনসহ আরও কয়েকটি স্টেশন বন্ধ ছিল। পরে তার হস্তক্ষেপে বন্ধ থাকা পাম্পগুলো চালু করা হয়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি নিজে দাঁড়িয়ে থেকে পর্যটক ও স্থানীয়দের মাঝে তেল বিতরণ কার্যক্রম তদারকি করেন। এতে দীর্ঘ লাইনে অপেক্ষমাণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
সাচিং প্রু জেরী বলেন, সবাই যেন তেল পায় এ ব্যাপারে কথা হয়েছে। ট্যুরিজমের এ মৌসুমে ট্যুরিস্টদের জন্য তেলের বরাদ্দটা বাড়িয়ে যেন দেয় সে ব্যাপারে তেলের পাম্প মালিকদের বলা হয়েছে।
স্থানীয়রা জানান, জ্বালানি সংকটের কারণে বান্দরবানে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল এবং পর্যটকরাও চরম দুর্ভোগে পড়ছিলেন। এমপির সরাসরি হস্তক্ষেপে অন্তত সাময়িকভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তারা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।