কুতুবদিয়ায় ডাকাতের কবল থেকে ৪ শ্রমিককে উদ্ধার করল কোস্টগার্ড
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে ডাকাতের কবলে পড়া চার শ্রমিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে চারজন শ্রমিক কক্সবাজারের কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় বাণিজ্যিক জাহাজ ‘মেঘনা হোপ’-এ কাজের উদ্দেশ্যে যান। পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে কাজ শেষে তারা একটি ড্যানিশ বোটযোগে চট্টগ্রামে ফেরার সময় কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় ডাকাতের কবলে পড়েন। এ সময় এমবি ‘লিউ পার্ট-২’ নামের একটি জাহাজের এক ক্রু জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ডের নজরে আসে।
তিনি আরও জানান, তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়া ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাতদের কবলে থাকা বোটসহ চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত শ্রমিকদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান শেষে তাদের বোটসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।