নানিয়ারচরে অসহায় পঙ্গু রোগীকে হুইলচেয়ার প্রদান, সেনাবাহিনীর মানবিক দৃষ্টান্ত
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এক অসহায় ও দরিদ্র পঙ্গু রোগীকে হুইলচেয়ার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ উদ্যোগকে স্থানীয়রা একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার (১ এপ্রিল) সকালে নানিয়ারচর জোন কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ইসলামপুর এলাকার বাসিন্দা মো. শাজাহানকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।
এই সহায়তা প্রদান করেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, মো. শাজাহান দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। গাছ থেকে পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে যাওয়ার পর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। বয়সজনিত কারণে লাঠির সহায়তাতেও তার চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। ফলে তিনি দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ছিলেন।
তার এই অসহায় অবস্থার কথা জানতে পেরে নানিয়ারচর জোন কর্তৃপক্ষ মানবিক সহায়তা হিসেবে তাকে একটি হুইলচেয়ার প্রদানের উদ্যোগ গ্রহণ করে। হুইলচেয়ার পেয়ে শাজাহান ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেন।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত অনেক অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, সেনাবাহিনীর এ উদ্যোগ শুধু একজন ব্যক্তির জীবনমান উন্নয়নই নয়, বরং সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
এলাকাবাসী সেনাবাহিনীর এ ধরনের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।