‘সুপারি চোর সন্দেহে খাসিয়াদের গুলি’: সিলেট সীমান্তে বাংলাদেশি নিহত
![]()
নিউজ ডেস্ক
সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার রাতে ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে বলে বিজিবি সিলেট ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন।
নিহত ৩০ বছর বয়সী সালেহ আহমেদ জয়ধর কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ তার দুই সহযোগীসহ মাদকের চালান আনার জন্য সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন। তারা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন।
“এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায় তাদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।”
পরে সালেহের সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া এবং কারবালারটুক গ্রামের মো. মাসুম আহম্মদ তার মরদেহ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন বলে বিজিবির এ কর্মকর্তা জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল বলেন, “ওই তিনজনই এর আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য চোরাচালান কাজের সঙ্গে জড়িত ছিলেন।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।