ভারতের অরুণাচলকে ঘিরে চীনের নামকরণ প্রচেষ্টা প্রত্যাখ্যান ভারতের
![]()
নিউজ ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নতুন নামকরণ নিয়ে চীনের সাম্প্রতিক উদ্যোগকে ‘ভিত্তিহীন’ ও ‘কল্পিত’ দাবি করে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন আনতে পারবে না।
গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চীনের পক্ষ থেকে ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত স্থানের নতুন নামকরণ করার যেকোনো ‘দুষ্টচেষ্টা’ ভারত দৃঢ়ভাবে নাকচ করে। তিনি বলেন, “চীনের এ ধরনের ভিত্তিহীন দাবি ও কল্পিত বর্ণনা তৈরির প্রচেষ্টা বাস্তবতা পরিবর্তন করতে পারবে না। অরুণাচল প্রদেশসহ এসব অঞ্চল অতীতে যেমন ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক ও স্থিতিশীল করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। চীনকে এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক বোঝাপড়ার পথে অন্তরায় সৃষ্টি করছে।
উল্লেখ্য, চীন অতীতেও একাধিকবার অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নতুন নাম প্রকাশ করে আসছে এবং অঞ্চলটিকে ‘জাংনান’ নামে অভিহিত করে নিজেদের দাবি পুনর্ব্যক্ত করেছে। তবে ভারত বরাবরই এ দাবিকে প্রত্যাখ্যান করে জানিয়ে আসছে, অরুণাচল প্রদেশ দেশটির অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ।
প্রসঙ্গত, অরুণাচল প্রদেশ ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত-চীন সীমান্ত বিরোধ বিদ্যমান থাকলেও উভয় দেশ কূটনৈতিক সংলাপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।