দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতীয় যুবকের অনুপ্রবেশ, ভোলায় আটক
![]()
নিউজ ডেস্ক
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভোলা সদর থেকে ভারতীয় এক যুবককে আটক করা হয়েছে; যিনি পাঁচ দিন আগে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে প্রবেশ করেন বলে ভাষ্য কোস্ট গার্ডের।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।
আটক আব্দুল মমিন (৩২) ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বসার আলী।
রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, গোপন খবর পেয়ে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল অভিযান চালয়ে ওই যুবককে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ৭ এপ্রিল মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সহযোগিতায় বিরামপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানায় কোস্ট গার্ড।
দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আবুল কাশেম।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।