লংগদু-নানিয়ারচর সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করা, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ চলাচল নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নানিয়ারচর উপজেলা মডেল মসজিদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
লংগদু ও নানিয়ারচর উপজেলার বাঙালি জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উদ্যোগ নেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ এবং নেতৃত্ব দেন রাঙামাটি আদালতের আইনজীবী অ্যাডভোকেট সুজন কামাল।

কর্মসূচিতে লংগদু উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, ইউপি সদস্য, সাংবাদিকসহ স্থানীয় মানুষজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন আটারকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন ইমরান, বলাসত্তর ইউনিয়ন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন বৈরাগী, কালাপাজ্জা ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম মিয়া, সাংবাদিক মঞ্জুর আলম লিটন এবং পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লংগদু-নানিয়ারচর সড়কের কাজ ধীরগতিতে চলায় স্থানীয় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত সড়কটির নির্মাণকাজ শেষ না হলে যোগাযোগ ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়বে।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে আটারকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন ইমরান বলেন, দেশের দুর্গম সীমান্ত সড়কগুলো বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে। সেই তুলনায় লংগদু-নানিয়ারচর সড়কটি বাস্তবায়নে বিলম্ব হওয়া দুঃখজনক। তিনি সড়কটির কাজ দ্রুত সম্পন্নে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি জানান।
তিনি আরও বলেন, সড়কটিতে বর্তমানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই দ্রুত কাজ শেষের পাশাপাশি নিরাপত্তা জোরদার করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে লংগদু-নানিয়ারচর সড়কটির উন্নয়ন কাজ ঝুলে থাকায় এ অঞ্চলের মানুষের যোগাযোগ ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।