বাঘাইছড়ির মাঝিপাড়া সীমান্তে বিজিবির অভিযান, ২০০ লিটার পেট্রোল জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সীমান্ত সড়ক এলাকায় অভিযান চালিয়ে ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এই অভিযানে চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে জ্বালানি ভর্তি একটি ব্যারেল ফেলে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একটি অসাধু চক্র অধিক লাভের উদ্দেশ্যে মাঝিপাড়া সীমান্ত সড়ক ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে পেট্রোল পাচার করছে। এ তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আনুমানিক বিকেল ৩টা ৩০ মিনিটে উগলছড়ি এলাকার সড়কে টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা ২০০ লিটারের একটি পেট্রোল ভর্তি ব্যারেল ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ব্যারেলটি উদ্ধার করে, যাতে ২০০ লিটার পেট্রোল পাওয়া যায়। জব্দকৃত পেট্রোলের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার টাকা।
এ বিষয়ে মারিশ্যা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে অবৈধ কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে, তবে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও চোরাচালান দমন ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় জ্বালানি পাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।